তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
উপ-প্রেস সচিব জানান, মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রী বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।


