রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে আজ তিন বিভাগের তিন জেলা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। 

পরে সেখান থেকে রংপুরে যান প্রধানমন্ত্রী। এরআগে সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও বিমান বন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

তিনি আরও বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এদিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

 

প্রধানমন্ত্রীর কর্মসূচি: 

সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন সাড়ে দুপুর ১২টায়। সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশে যাত্রা ১টা ১৫ মিনিটে।

শাহ মখুদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামণ্ডপ পরিদর্শন ২টা ১৫ মিনিটে। রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি বিকেল তিনটায়। রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান বিকেল ৪টা ১৫মিনিটে।

শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা বিকেল সাড়ে ৫টায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পুজামণ্ডপ পরিদর্শন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি রাত ৭টা ৪৫ মিনিটে। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের অবতরণ।