নিরাপদ সড়কের জন্য চালকদের আচরণ পরিবর্তন, ফিটনেসবিহীন গাড়ির সরিয়ে দেয়ার কথা বললেই কারো কারো গাত্রদাহ শুরু হয়ে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও নিরাপদ সড়ক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ড্রাইভার কোনো নিয়ম মানছে না, কোনো কিছুই কেয়ার করছে না।’
সড়ক দুর্ঘটনায় চলিত বছরের ৯ মাসে দিনে গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন। গড়ে দুর্ঘটনায় হয়েছে প্রায় ১৭টি। আর ২০২০ থেকে ২০২৫ সাল, এ ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০ হাজারের বেশি মানুষের। আহত হয়েছেন আরও বিপুলসংখ্যক মানুষ।
এমন বাস্তবতায় সচেতনতা বাড়াতে নিরাপদ সড়ক দিবসের এ আয়োজন। এ অনুষ্ঠানে সড়ক মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্ব শুধু সরকারের নয়; পরিবহন মালিক, চালক, যাত্রী ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।'
সড়ক নিরাপত্তায় যাত্রীদের দায়িত্বের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘অনেকে অনিরাপদ যানবাহন নিয়ে আপত্তি তোলেন, কিন্তু নিজেরা সেই যানবাহনে ওঠা বন্ধ করেন না।’
দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর তথ্য সংরক্ষণে ডেটাবেইস তৈরি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে কোন এলাকায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে, তা চিহ্নিত করে সড়কের নকশা পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।