ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি: সিইসি

দেশে ভোটের যুদ্ধকে নির্বাচন কমিশন (ইসি) উৎসবে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, শুধু ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করতে চায় ইসি। ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন।

তিনি বলেন, এ দেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।

সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।