জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাপানে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঐতিহাসিক অর্জন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফর গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসবে দেশ। 

চার দিনের কূটনৈতিক ব্যস্ততা শেষে দেশে ফেরা। সফরে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াতে টানা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিসভার সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতারা।

পরে সফর নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, লুটপাট ও পাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এ সফর। 

কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ুসহ বিভিন্ন খাতে প্রায় ৩০ কোটি ডলারের চুক্তি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। 

এদিকে, দেশে ফেরার পথে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা বড় কোনো প্রভাব ফেলেনি বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

প্রধানমন্ত্রীর সফরের ফলে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।