বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বেলা সাড়ে তিনটায় তাকে আদালতে তোলা হয়।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার দাবি করেন, পলাতক শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে।
অপরদিকে রিমান্ডের বিরোধিতা করে দুই দিনের রিমান্ড আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মিতাসিম বিল্লাহ। একই সাথে এ মামলায় যেন মিডিয়া ট্রায়ালের মুখে না পড়ে বা ভিন্ন খাতে প্রভাহিত না হয় সেজন্য জামিন চায়নি আসামিপক্ষ।
শনিবার ভোর রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের করবীর পার্কিং গ্রাউন্ডে আসেন তাহসিফের বন্ধু দীপ। এর দুই মিনিট পর ফ্ল্যাট থেকে নিচে নেমে আসেন তাহসিফ সাউরি। এরপর আলাদা দুটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন তারা।
এরপর বুধবার, ২৮ অক্টোবর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে কচুরিপানার নিচে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এরপর থেকেই মৃত্যুর রহস্য উদঘাটনে শুরু হয় তদন্ত।
এ ঘটনায় পিবিআইয়ের হাতে আটক হন দীপ। শুরুতে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তির পাশ থেকে সন্দেহভাজন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পিবিআইকে দীপ জানান, রাতে তারা সেখানে গিয়েছিলেন এবং ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এমন পাল্টাপাল্টি বক্তব্যে অসন্তোষ ও সন্দেহ প্রকাশ করেছে পরিবার।