তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চেয়ারম্যানসহ ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।
মন্ত্রীর ঘোষণায় ছয় সদস্যের বোর্ডে চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বাংলাদেশ শ্রম আইন সংশোধিত ২০২৬ এর ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।
মন্ত্রী বলেন, যারা অস্থিরতা করছে তারা শ্রমিক নয়। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সাংগঠন ডিসেম্বরকে টার্গেট করে এটি করছে।