হজযাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের

২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছে হজ এজেন্সিদেন সংগঠন-হাব। এই সময়ের জন্য টাকা জমা না দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি আরও বলেন, নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার পরও প্রায় ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন। তাদের অনেকেই হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। কোটা বরাদ্দ পেতে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি হাব মহাসচিবের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হবে। এ বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করেছে।