তাহসিফ সাউরির হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বেলা সাড়ে তিনটায় তাকে আদালতে তোলা হয়। 

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করেন, পলাতক শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

অপরদিকে রিমান্ডের বিরোধিতা করে দুই দিনের রিমান্ড আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। একই সাথে এ মামলায় যেন মিডিয়া ট্রায়ালের মুখে না পড়ে বা ভিন্ন খাতে প্রবাহিত না হয় সেজন্য জামিন চায়নি আসামিপক্ষ। 

শনিবার ভোর রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।