পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে জানুয়ারি মাসেই বর্ধিত বেতন পাবেন শ্রমিকরা।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সরকারের আন্তরিকতায় ৩ দিনের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরবর্তী সভায় মালিক ও শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা বোর্ডের। অন্যদিকে, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, কোনো রাজনৈতিক বা ব্যক্তির ইন্ধনে সহিংসতায় না জড়িয়ে দেশ ও শিল্পের স্বার্থে কাজে ফিরতে হবে।