ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এমন অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক সচিব বলেনন, ‘সম্প্রতি দেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে একটি পক্ষ শেখ হাসিনা হয়ে আবেদন করেছেন বলে জানা যায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।’
এসময়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দম্পতি অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে বলেও জানায় দুদক।
অন্যদিকে, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ‘ইউনিপে টু ইউ’–এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি।