ফ্যাসিবাদী আমলে চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করতেই স্বাস্থ্যখাত দুর্বল করা হয়েছিল।

সোমবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। পরিকল্পিতভাবে দেশের মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছে। 

 প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে সেই স্বৈরাচারের ক্ষেত্রে দেখেছি, চিকিৎসা ব্যবস্থাকে তারা এমনভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।’ 

এসময় প্রধানমন্ত্রী জানান, সরকার শ্রমজীবীদের চিকিৎসার জন্য ১০০ বেডের ৬টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে নির্মাণ করা হবে এই হাসপাতালগুলো।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমজীবী মানুষের চিকিৎসার সুবিধার জন্য একেকটি ১০০ শয্যার করে ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে– যেমন; টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টহগ্রামে আপাতত ১০০ বেডের একটি করে হাসপাতাল আমরা তৈরি করব।’

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের জ্বালানী ও খনিজ সম্পদ ব্যবহার না করে দেশকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সকল কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের ভুলনীতির কারণে ব্যহত হয়েছে শিল্পখাতের বিকাশ।