অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গত কয়েক দিনের নাশকতায় সংসদে উদ্বেগ জানান বিরোধী দলের নেতারা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীদলীয় নেতা। জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তের ওপার থেকে নাশকতায় উস্কানি দেয়া হচ্ছে।’

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত কয়েকদিনের নাশকতা ও নৈরাজ্য নিয়ে উদ্বেগ জানান তিনি।  

নাহিদ ইসলাম মন্তব্য করেন, পরিস্থিতি মোকাবিলায় গত সাত মাস ধরেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। পরে বিরোধী দলীয় নেতাও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সরকারের জবাব চান তিনি।  

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, পতিত ফ্যাসিবাদের কিছু দোসর এখনও দেশে রয়েছে। বলেন, যারা অস্থিতিশীলতার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। 

তিনি বলেন, ‘শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা আজ যে উদ্যোগের কথা বলেছেন, তা তিনি বিরোধী দলের পক্ষ থেকে নিতে পারেন। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না- এমন সক্রিয় ভূমিকার তিনি প্রশংসা করেন। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে।’

তিনি বলেন, ‘কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’ 

এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে বিরোধীদলীয় নেতা যদি সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা তার দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানান, তাহলে তা তদন্ত করে দেখা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে।’

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন অভিযোগ অযৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।