চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে, এজন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হতে হবে।
প্রকল্পের উপ-পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি সপ্তাহেই গ্রিডের সঙ্গে পরীক্ষামূলক সংযোগ হতে পারে। প্রাথমিক সংযোগের পর কয়েকদিন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। সবকিছু সন্তোষজনক হলেই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
প্রকল্প কর্মকর্তাদের মতে, ইউনিটটির পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছাতে আরও ছয় মাস সময় লাগতে পারে।