জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বায়েরা এ অনুমোদন দেয়। অনুমোদনের ফলে প্রথম ইউনিট এখন তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক কার্যক্রমে প্রবেশ করবে। এ পর্যায়ে চুল্লির শক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রধান যন্ত্রপাতি ও বিভিন্ন ব্যবস্থার কার্যক্ষমতা পরীক্ষা করা হবে।
পরীক্ষার আওতায় থাকবে পারমাণবিক চুল্লি, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা এবং নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা।
এ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করা। এর মাধ্যমে কেন্দ্রটি জাতীয় গ্রিডে কতটা স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম, তা যাচাই করা হবে।


