১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বর্ধিত বেতন: মজুরি বোর্ড চেয়ারম্যান

ঘোষণা যখনই হোক ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। 

এসময় চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাপন অবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণ করছে মজুরি বোর্ড। 

মজুরি বোর্ডের সভা স্থগিত  হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস জন্ম নিয়েছে জানিয়ে তিনি বলেন, মজুরি নির্ধারণে স্বচ্ছতা এবং একজন সদস্য অসুস্থ হওয়ায় সভা ৭ দিন পেছানো হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ কিংবা চাপ নেই বলে জানান তিনি। 

তিনি জানান, আইন অনুযায়ী বোর্ড ছয় মাস সময় পেলেও সরকারের আন্তরিকতায় দ্রুত সময়ের মধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থে শ্রমিকদের কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান।