পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আজকের তৃতীয় সভা স্থগিত করেছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার বেলা ১১টায় সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
সকালে সভা স্থগিতের কথা জানিয়ে নতুন তারিখ পরে জানানো হবে বলে নোটিস দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় মালিক ও শ্রমিক পক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবে মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়।
অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার দিন সময় দেওয়া হয়। এদিকে মালিকপক্ষকে আজকের মধ্যে মজুরি বোর্ডে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে, গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরলেও মালিকপক্ষের সিদ্ধান্তে আজও বন্ধ রয়েছে বেশ কয়েকটি কারখানা। গাজীপুরে ২২টি কারখানা বন্ধ ও ২টিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল ৮টার আগেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে পোশাক শ্রমিকরা। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার প্রধান ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাজোয়া যানও।


