মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, বৃহস্পতিবার সেই প্রশ্নের নিষ্পত্তি হতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে। নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করবে আদালত।
মিয়ানমার দোষী সাব্যস্ত হলে, রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ। পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার পথও তৈরি হবে।
আদালতের রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দেশ দিতে পারে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যা বা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া, অপরাধের প্রমাণ সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া।
মিয়ানমার দোষী সাব্যস্ত হলে আইসিজের সম্ভাব্য নির্দেশনা–
১. গণহত্যা ও সংশ্লিষ্ট বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা
২. ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধ নিশ্চিত করা
৩. অপরাধের প্রমাণ সংরক্ষণ করা
৪. দায়ীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়া
৫. ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া
তবে মিয়ানমারের নেতাদের সরাসরি কারাদণ্ড দেওয়ার এখতিয়ার নেই আইসিজের। কারণ, এ আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে, ব্যক্তির ফৌজদারি বিচার করে না। তবে পৃথক আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচার হতে পারে।
এ রায় বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। চাপের মুখে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া, নির্যাতন-বৈষম্য বন্ধ ও রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হতে পারে।
এ ছাড়া মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা নির্ভর করবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অবস্থান ও রাজনৈতিক সমীকরণের ওপর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ব্যবস্থা
১. অর্থনৈতিক নিষেধাজ্ঞা
২. কূটনৈতিক চাপ
৩. অন্যান্য আন্তর্জাতিক ব্যবস্থা
সব মিলিয়ে, আইসিজের এ রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; বরং রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার প্রতিষ্ঠা ও নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে।