দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী সিভিল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নামবেন। তারপরে আমাদের খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের সর্বশেষ কর্মসূচি ‘আলোকিত লালমনিরহাটের’ যে সামাজিক আন্দোলন ১৫ হাজার নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় করবেন।’
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তরের নিরাপত্তা এরইমধ্যে নিশ্চিত করেছি। আমরা প্রত্যাশা করছি লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত চমৎকার হবে।’