দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর লালমনিরহাটে পোঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৯টায় রাজধানী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিএনপির ভেরিফায়েড পেজ এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়, জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলশানের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।