দোষী মিয়ানমার, তবুও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার। ৭ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আসা এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে, রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি কতটা হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের পরামর্শ, দেশটির ওপর আন্তর্জাতিক চাপের পাশাপাশি নিতে হবে কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ।

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগ প্রমাণিত বলে বৃহস্পতিবার রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলার ৭ বছর ধরে বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

মিয়ানমারের ভেতরে রোহিঙ্গা নিধন শুরু হলে সীমান্ত খুলে দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ প্রশংসা পেলেও, প্রায় দশ বছর পরে সে অস্থায়ী আশ্রয়ই এখন পরিণত হয়েছে বড় সংকটে। এরপরেও, বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলে আসছে ঢাকা।

নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‌‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও  সম্প্রদায়ের পাশাপাশি দু'দেশের অর্থনৈতিক সম্পর্ককেও কাজে লাগাতে হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে সেখানকার বর্তমান রাজনৈতিক অবস্থাই একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে।’

মিয়ানমারের রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক চাপ এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগের ওপরই নির্ভর করছে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ভবিষ্যৎ।