দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে রাখাইনে ভয়াবহ সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখো মানুষের কাছে এ রায় শুধু বিচারিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার স্বীকৃতি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ ৭ বছরের বিচার প্রক্রিয়া শেষে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বহুল প্রতীক্ষিত এ রায়কে নিজেদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা।
রায়ে আশাবাদী রোহিঙ্গা নেতারাও। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার ভারপ্রাপ্ত সভাপতি খিন মংয়ের মতে, শুনানিতে বিচারকরা যথাযথ বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।
এদিকে আদালতের রায় জানতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বড় পর্দায় ও বিভিন্ন মাধ্যমে সম্প্রচার দেখতে জড়ো হন বিপুলসংখ্যক রোহিঙ্গা। রায়ে সন্তোষ প্রকাশ করলেও ২০১৭ সালের সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাদের অনেককে।
হাসিনা খাতুন নামে কক্সবাজারে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারী বলেন, ‘২০১৭ সালে আমরা নৃশংস নির্যাতনের শিকার হই। মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় রাখাইন যোদ্ধারা আমাদের বাড়িঘরে আগুন দেয়, পুরো গ্রাম ধ্বংস করে। প্রাণ বাঁচাতে আমরা জঙ্গলে পালিয়ে যাই, সেখানে থাকি ৫ দিন। আমার স্বামীকেও তারা ধরে নিয়ে যায়। চরম কষ্টের মধ্যে সন্তানদের নিয়ে বাংলাদেশে পৌঁছাই।’
হাসিনা খাতুনের মতো লাখো রোহিঙ্গার জীবন বদলে যায় ২০১৭ সালের সেই সামরিক অভিযানে। প্রাণ বাঁচাতে সে সময় বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখে।
আদালতের এ রায়ের পর রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ জোরদার হবে বলে আশা অধিকারকর্মীদের। তবে সেই পথ এখনো বেশ কঠিন।
রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। ফলে আদালতের রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও, এর মাধ্যমে দ্রুত প্রত্যাবাসনের পথ খুলবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।


