ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসএমই খাতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি- এই প্রতিপাদ্য নিয়ে মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে উদ্যোগের জন্য ৮ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, এ খাতে চার বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য সরকারের। পাশাপাশি ৫০ হাজার নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তারেক রহমান জানান, শিগগিরই এসএমই নীতিমালার অনুমোদন দেবে মন্ত্রিসভা। এছাড়া উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে বিভিন্ন দেশে মেলায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

সপ্তাহব্যাপী এ মেলায় দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যার ৬০ শতাংশেরই উদ্যোক্তা নারী।