নির্ধারিত সময়ে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে গ্রহণে আর কোনো বাধা নেই। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার দুপুরে এই আদেশ দেয়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস জানান, এর আগে গত ১৮ নভেম্বর দুই বিষয়ে অকৃতকার্যদের যারা পুনঃপরীক্ষা দেবে তাদেরকে এবং ফল পুনর্মূল্যায়নের জন্য যারা আবেদন করেছে তাদেরকে ভর্তি পরীক্ষায় সুযোগ দিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।ৎ

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আজ নির্ধারিত দিনে সকালে দীর্ঘক্ষণ শুনানিরপর আদেশ দেন আপিল বিভাগ। শুনানিতে শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আগে থেকেই ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের পরীক্ষা স্থগিত করলে পরবর্তীতে সেশনজটের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দেশের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়া যায় না। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, যারা এইচএসসিতে অকৃতকার্য হয়েছে তাদের জন্য পুনঃপরীক্ষা নিয়ে রাষ্ট্র একটি সুযোগ দিচ্ছে। সুযোগ কখনো অধিকার নয়।

এ সময় শুনানিতে ইউজিসির আইনজীবী আদালতকে বলেন, ইউজিসি থেকে আগামী ১ জানুয়ারি থেকে সকল বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটির বাধ্যবাধকতা নেই। কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনে চলে তারা পূর্বনির্ধারিত তারিখে তাদের সময়মতো পরীক্ষা নিতে কোনো বাধা নেই।