ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এই সংলাপের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেস, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দলের সহযোগিতা চাই।

তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। 
‎
সংলাপের প্রথম দিনে ১৮টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এতে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ আঠারোটি দল অংশ নেওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় বলে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি বলে জানা গেছে। একইসঙ্গে জামায়াত জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ‎বাংলাদেশ খেলাফত আন্দোলনও অংশ নেয়নি। এছাড়া, জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেয়নি দলটি।

বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।