চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দেশের চা শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে ভারত থেকে যাতে নিম্নমানের চা পাতা অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়টিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি।
আজ রোববার সকালে সিলেটের কুমারপাড়ায় মন্ত্রীর নিজ বাসভবনে চা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, দেশের চা শিল্পকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য স্বার্থ রক্ষায়ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা চা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসায় তিনি এ দায়িত্ব পেয়েছেন। তাদের অধিকার, স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন তিনি।
চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ এবং দেশের চা শিল্পের সুরক্ষায় শ্রমিক ইউনিয়ন সরকারকে সহযোগিতা করবে বলেও প্রত্যাশা করেন রাজু গোয়ালা।
এর আগে, গতকাল শনিবার দীর্ঘ আট বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা বাগানের কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়।