ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব যাত্রী নিরাপদে রয়েছেন।
আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড (পিআইসি) উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এভিয়েশনে এ ধরনের ঘটনা স্বাভাবিক।
শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয়। এরপর দ্রুত যাত্রীদের উড়োজাহাজ থেকে নামানো হয়। এ ঘটনায় সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।
এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজে বিএস-৩৬১ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।