বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট।
এর মাধ্যমে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরু হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, বিমানের বাণিজ্যিক ফ্লাইটে কর্মীদের প্রথম দল কুয়ালালামপুরে যাবেন। সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএলে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় খরচ দিচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।
এর আগে লটারির মাধ্যমে কর্মীদের বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।


