পূর্বের মামলায় নতুন আইন অনুযায়ী সাজা কমানোর চেষ্টা করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করায় পূর্ববর্তী মামলাগুলোর ক্ষেত্রে কীভাবে নতুন আইন অনুযায়ী সাজা কমানো যায় সেই চেষ্টা করা হবে। 

মঙ্গলবার সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনে সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সাইবার সিকিউরিটি আইন নিয়ে বিএনপিসহ যারা সমালোচনা করছে তারা আইনটি না পড়ে বিভিন্ন কথা বলছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, সরকারের কোনো পদক্ষেপকেই তারা ভালো মনে করেন না। 

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আসলে সংশোধন হয়নি, আবার সম্পূর্ণভাবে রহিতও হয়নি। এটা আসলে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন আইনে সাইবার শব্দটি রাখা হয়েছে এর ব্যাপ্তি বাড়ানোর জন্য।