মদিনা সনদ ও নবীজী (সা.)

আজ আমাদের প্রিয় নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)‑এর জন্মদিন। তিনি আমার খুব প্রিয় একজন। এর অনেক কারণের মধ্যে একটি হলো সব ধর্মের মানুষের কথা মাথায় রেখে মদিনায় দেওয়া তাঁর একটি ভাষণ, যেখানে মদিনা সনদের কথা তিনি বলেছেন। এই মদিনা সনদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান। মদিনা সনদ তাঁর নেতৃত্বে প্রণীত একটি গুরুত্বপূর্ণ সংবিধান, যা মদিনায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত হয়েছিল। এই সনদ মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও সুরক্ষা ও অধিকার নিশ্চিত করেছিল। প্রশ্ন আসে, রাসুল (সা.) কেন কেবল মুসলমানদের জন্য একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি এবং কেন তিনি অন্য ধর্মাবলম্বীদের কথা চিন্তা করে এই সনদটি তৈরি করেছিলেন?

এর প্রথম কারণ–ইসলামের সামগ্রিক শিক্ষা। ইসলামের মূল শিক্ষা হচ্ছে–সহানুভূতি, সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রদর্শন। নবী মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র তৈরি না করে মদিনায় বাস করা সব সম্প্রদায়ের জন্য একটি শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মানুষকে একত্রিত করেছিল এবং যেখানে তারা সমান সুযোগ ও সুরক্ষার অধিকার ভোগ করেছিল।

মদিনা ছিল একটি বহু-ধর্মীয় ও বহু-জাতিগত শহর। এখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করত। রাসুল (সা.) চেয়েছিলেন, ইসলামের নীতি অনুসারে এই সমস্ত মানুষ মিলেমিশে বসবাস করবে এবং একে‑অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে। তিনি জানতেন, একটি শক্তিশালী সমাজ গড়তে হলে একে‑অপরের ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্যকে সম্মান করতে হবে। এই জন্যই তিনি কেবল একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করে একটি ইনক্লুসিভ রাষ্ট্রের জন্য কাজ করেছিলেন।

দ্বিতীয়ত মদিনা সনদে মুহাম্মদ (সা.) সব সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার ও স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিলেন। এই সনদে মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও একে‑অপরের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। সনদে বলা হয়েছিল, মদিনার সব বাসিন্দাই মদিনার রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকবে এবং তারা তাদের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা পাবে।

এ ছাড়া এই সনদে মদিনার সব সম্প্রদায়ের ওপর একে‑অপরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আরোপ করা হয়েছিল। যদি মদিনায় কোনো আক্রমণ বা বাহ্যিক বিপদ আসে। তবে সবাই মিলে তা মোকাবিলা করবে। এই চুক্তির মাধ্যমে রাসুল (সা.) দেখিয়েছিলেন যে, ইসলামের প্রকৃত উদ্দেশ্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া নয়, বরং সবার জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

তৃতীয়ত, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের সহনশীলতা। মদিনা সনদের মাধ্যমে মুহাম্মদ (সা.) দেখিয়েছিলেন যে, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। তিনি অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার ব্যাপারে যত্নবান ছিলেন। মদিনা সনদে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, মুসলমান এবং অন্যান্য সম্প্রদায় একে‑অপরের সাথে যুদ্ধ করবে না এবং সবাই একে‑অপরের নিরাপত্তা নিশ্চিত করবে।

চতুর্থত, রাষ্ট্রের স্থায়িত্ব ও সমন্বয়। মুহাম্মদ (সা.) জানতেন যে, একটি রাষ্ট্র তখনই স্থিতিশীল ও শক্তিশালী হতে পারে, যখন তার সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য থাকবে। তিনি কেবল একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলে অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা তা গ্রহণ করতে পারতেন না এবং এতে সংঘাতের আশঙ্কা থাকত। তাই তিনি একটি এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুললেন, যেখানে সবাই মিলেমিশে বসবাস করতে পারবে এবং সবাইকে তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে। ফলে, মদিনা হয়ে উঠল একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল শহর, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করত।

মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে তৈরি মদিনা সনদ ছিল মানবজাতির জন্য এক অসাধারণ দৃষ্টান্ত। এই সনদের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, ইসলামের মূল শিক্ষা হলো পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তি। তিনি কেবল মুসলমানদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা না করে একটি বহুধর্মীয় সমাজের আদর্শ স্থাপন করেছিলেন, যেখানে সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এই সনদ আজও একটি অনন্য মডেল হিসেবে বিবেচিত হয়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]