ধরা যাক, একজন ব্যক্তি ৮ লাখ টাকার বিনিময়ে ১০ শতক জমি ক্রয় করে সাফ কবলা দলিল নিবন্ধন করার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলেন। অফিস থেকে জানানো হলো, সরকারি মূল্য অনুযায়ী দলিলে ২৬ লাখ টাকা দেখাতে হবে। অর্থাৎ ক্রেতা-বিক্রেতা পরস্পর যে অর্থ লেনদেন করেননি, দলিলে তার দায় তাঁদের নিতে হবে এবং অতিরিক্ত টাকার ওপর রাজস্ব পরিশোধ করতে হবে।
আবার একজন ব্যক্তি ৫০ লাখ টাকার বিনিময়ে ১০ শতক জমি ক্রয় করে তা নিবন্ধনের সময় সরকারি মূল্যের সুযোগ নিয়ে দলিলে ৮ লাখ টাকা দেখালেন। অর্থাৎ ক্রেতা-বিক্রেতা প্রকৃত মূল্য গোপন করে রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করলেন।
সরকার কর্তৃক জমি, ফ্ল্যাট ও স্থাপনা নিবন্ধনের জন্য এলাকাভিত্তিক যে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়, তা মানুষের কাছে সরকারি মূল্য হিসেবে পরিচিত। দেশে জমিসহ আরও অনেক বিষয়সংক্রান্ত নিবন্ধনের দায়িত্বে রয়েছে নিবন্ধন অধিদপ্তর। আইন ও বিধি অনুযায়ী, তারাই মূলত অন্যান্য দায়িত্বের পাশাপাশি সারা দেশে জমির সরকারি মূল্য নির্ধারণে নিয়োজিত।
যেহেতু তাদের অধীনে প্রস্তুতকৃত সম্পত্তির সরকারি মূল্য অনুযায়ী দেশের মালিকদের জমি রেজিস্ট্রির ক্ষেত্রে কাউকে প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য প্রদর্শন করে অধিক রাজস্ব দিতে হচ্ছে এবং কেউ কেউ প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্য প্রদর্শন করে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাই সংশ্লিষ্ট অংশীজনদের ধারণা, রাজস্ব বেশি ও কম দেওয়ার ঘটনার পেছনে সম্পত্তির সরকারি মূল্য নির্ধারণকারী কর্তৃপক্ষ দায়ী। তাই সম্প্রতি সরকার সম্পত্তির সরকারি মূল্য নির্ধারণের কর্তৃপক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আমরা যাকে সম্পত্তির সরকারি মূল্য হিসেবে জানি, তার আইনি নাম ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য’। মূলত সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ এবং পরবর্তীতে ২০১৫ সালে ওই বিধিমালার সংশোধনী অনুসরণ করে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট বিধিমালার ৫ নম্বর বিধি এবং পরবর্তীতে এর সংশোধনীতে সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য কীভাবে নির্ধারণ হবে, তার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিধি পর্যালোচনা করে দেখা যায়, প্রতি দুই বছর পরপর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য পরিবর্তন করার নির্দেশনা রয়েছে।
সেই নির্দেশনা বাস্তবায়নে কমিটির সদস্যসচিব প্রথম বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি এলাকার সাফ কবলা দলিলগুলোর মূল্যের ওপর সংশ্লিষ্ট মৌজার শ্রেণিভিত্তিক গড় মূল্যের একটি তালিকা প্রস্তুত করে নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে কমিটির বিবেচনার জন্য উপস্থাপন করবেন। পরবর্তীতে তা প্রক্রিয়াগতভাবে চূড়ান্ত হবে।
মাঠপর্যায়ে যারা এই কাজের সঙ্গে জড়িত, তাঁদের ভাষ্য অনুযায়ী, এই বিধিমালার নির্দেশনা অনুযায়ী তাঁদের যোগ ও ভাগ করা ছাড়া আর কিছু করার নেই। তাঁরা এই কাজের জন্য সারা বছরের সাফ দলিলের সব তথ্য একটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। তারপর একদিকে মৌজাভিত্তিক নির্দিষ্ট শ্রেণির রেজিস্ট্রি হওয়া প্রতিটি সাফ কবলা দলিলের সম্পত্তির পরিমাণ এবং তার বিপরীতে প্রতিটি দলিলের জমির মূল্য যোগ করেন। এরপর মোট জমির পরিমাণ দিয়ে মোট মূল্যকে ভাগ করে প্রতি শতক জমির গড় মূল্য বের করেন। এভাবেই তাঁরা সব মৌজার অন্তর্ভুক্ত প্রতিটি শ্রেণির মূল্য নির্ধারণ করে সংশ্লিষ্ট কমিটিতে জমা দেন।
দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট বিধিমালার ৫ নম্বর বিধি দায়িত্বপ্রাপ্তদের হাত বেঁধে দিয়েছে। উদ্ভূত সমস্যা সমাধানে তাঁদের করণীয় কিছু নেই। সুতরাং বলা যায়, সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের কোনো অবহেলার কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, বিষয়টি এমন নয়। বরং বিধিমালায় যথাযথ নির্দেশনার অনুপস্থিতিই এর একমাত্র কারণ।
এখন বিদ্যমান বিধিমালা পরিবর্তন না করে এই দায়িত্ব যাকেই দেওয়া হোক না কেন, তাঁরা এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না এবং করার কোনো সুযোগও নেই।
মূলত বিদ্যমান বিধিমালায় কম সুযোগ ও সম্ভাবনাময় এবং বেশি সুযোগ ও সম্ভাবনাময় জমির মূল্য একই সঙ্গে নির্ধারণ ও প্রয়োগ করার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে, তা নিয়ে অংশীজনদের অনেক প্রস্তাব রয়েছে। তবে এসব প্রস্তাবের মধ্যে ক্লাস্টার পদ্ধতি বেশি গুরুত্ব পেয়েছে।
সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্লাস্টার পদ্ধতি মূলত এমন একটি এলাকাভিত্তিক কৌশল, যেখানে কাছাকাছি বৈশিষ্ট্যযুক্ত বা সমজাতীয় এলাকাগুলোকে একটি নির্দিষ্ট শ্রেণি বা ক্লাস্টারে ভাগ করে তার বিপরীতে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ দেশের সব জমিকে ইউনিটভিত্তিক ডাঙ্গা, দলা, নাল, বাগান, বাড়ি প্রভৃতি শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেকটির নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা।
এই পদ্ধতিতে বিদ্যমান পদ্ধতির মতো দেশের মালিকদের ক্ষতিগ্রস্ত হওয়া ও রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হবে। কেননা, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের বাজারে সব ডাঙ্গা, দলা, নাল, বাগান, বাড়ি, বাজার প্রভৃতি শ্রেণির জমির চাহিদা ও মূল্য এক নয়।
আমরা প্রায় সবাই জানি, একই স্থানে গুরুত্ব অনুযায়ী একটি ডাঙ্গা শ্রেণির জমির শতকপ্রতি বাজারমূল্য ২০ হাজার টাকা এবং তার পাশেই আরেকটি ডাঙ্গা শ্রেণির জমির শতকপ্রতি বাজারমূল্য ৫ লাখ টাকা হতে পারে। অন্যান্য শ্রেণির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে।
জমির গুরুত্ব ও মূল্যের তারতম্য ঘটে মূলত জমিতে কতগুলো সুবিধা ও সম্ভাবনা থাকা বা না থাকার প্রেক্ষিতে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ক্লাস্টার পদ্ধতিতে বিভিন্ন শ্রেণির জমির মূল্য নির্ধারণ করে দেয়, সে ক্ষেত্রে একই ক্লাস্টারের অন্তর্ভুক্ত কোনো জমিতে মূল্য বৃদ্ধির উপাদান উপস্থিত থাকবে। আবার তার পাশের জমিটিতে সেই উপাদানগুলো অনুপস্থিত থাকবে। ফলে মানুষ কম সুযোগ ও সম্ভাবনার জমি তুলনামূলক কম দামে কিনলেও দলিলে বেশি মূল্য দেখাতে বাধ্য হবেন। এই সমস্যা বিদ্যমান পদ্ধতিতেও রয়েছে। তাই ক্লাস্টার পদ্ধতিতে সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য প্রস্তুত করা হলে বিদ্যমান সমস্যার সমাধান না হয়ে তা বাড়তেই থাকবে।
প্রকৃতপক্ষে ক্লাস্টার সিস্টেম সেই সব জায়গার জন্য প্রযোজ্য হতে পারে, যেখানে সব জমির সুযোগ ও সম্ভাবনা এক। কিন্তু সরকারি ও বেসরকারি ভূমি উন্নয়ন কর্তৃপক্ষের অধীন জমি ছাড়া আর কোনো জায়গায় একই সঙ্গে অনেক পরিমাণে একই সুযোগ ও সম্ভাবনাসম্পন্ন জমি পাওয়া সম্ভব নয়।
আমরা এমন কোনো আইন ও বিধিমালা প্রণয়ন করতে পারি না, যা এক শ্রেণির মানুষের জন্য স্বস্তিদায়ক এবং অন্য শ্রেণির মানুষের জন্য কষ্টদায়ক হয়। অফিসে বসে নির্দিষ্ট একটি স্থান, এলাকা অথবা জনগোষ্ঠীর কথা মাথায় নিয়ে আইন ও বিধি তৈরির রেওয়াজ পরিবর্তন করে সবার কথা মাথায় রেখে মাঠপর্যায়ে গবেষণার মাধ্যমে এমন একটি আইন বা বিধিমালা প্রণয়ন করতে হবে, যা সব শ্রেণির এবং সব অঞ্চলের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং যা কারও ওপর জুলুম তৈরি করবে না; আবার যার মাধ্যমে কেউ লাভবানও হতে পারবেন না।
দেশের ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্টজনদের ভাষ্যমতে, জমির মূল্য হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে সাধারণত রাস্তার উপস্থিতি ও অনুপস্থিতি এবং প্রাকৃতিক সুখাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা মূলত জমির সুযোগ ও সম্ভাবনার মূল উপাদান হিসেবে পরিগণিত। আবার রাস্তা ও রাস্তার প্রশস্ততা জমির প্রাকৃতিক সুখাধিকারকে হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা রাখে।
তাই যে জমির সঙ্গে রাস্তা রয়েছে, তার মূল্য বেশি এবং যে জমির সঙ্গে রাস্তা নেই, তার মূল্য কম। আবার যে জমির পাশে রাস্তার প্রশস্ততা যত বেশি, তার মূল্য তুলনামূলক তত বেশি। বিশেষ করে শহরাঞ্চলে রাস্তার প্রশস্ততা জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। কেননা, রাস্তার প্রশস্ততা ভবনের উচ্চতা নির্ধারণ করে।
বাংলাদেশে যত রাস্তা আছে, সেগুলো দুটি সরকারি কর্তৃপক্ষের অধীন। যথা—সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন রাস্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন রাস্তা। এ ছাড়া আরও দুই প্রকারের রাস্তা দেখা যায়। যথা—ব্যক্তি কর্তৃক সৃষ্ট রাস্তা এবং সরকারি-বেসরকারি ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সৃষ্ট রাস্তা।
মানুষ জমি ক্রয় করে বসবাস, ব্যবসা ও চাষাবাদের জন্য। বসবাস, ব্যবসা ও চাষাবাদের ক্ষেত্রে মানুষ যোগাযোগব্যবস্থাকে বেশি গুরুত্ব দেয়। যে জমির পাশে রাস্তা আছে, সেই জমির যোগাযোগব্যবস্থা ভালো বলে বিবেচিত হয়। আবার যে জমির পাশের রাস্তা বেশি প্রশস্ত, তার যোগাযোগব্যবস্থা তুলনামূলক আরও ভালো বলে বিবেচিত হয়।
যোগাযোগব্যবস্থার প্রেক্ষিতে ক্রমানুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন গ্রাম পর্যায়, ইউনিয়ন পর্যায় ও উপজেলা পর্যায়ের রাস্তা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন জেলা পর্যায়, আঞ্চলিক পর্যায় ও জাতীয় পর্যায়ের রাস্তার সঙ্গে সংযুক্ত জমির মূল্য তুলনামূলক বৃদ্ধি পায়।
বাস্তবতা হলো, যে জমির যোগাযোগব্যবস্থা ভালো, মানুষ অধিক অর্থ ব্যয় করতে হলেও তা কিনতে আগ্রহী হয়। সুতরাং রাস্তা যে জমির মূল্য নির্ধারণের মূল উপাদান, তা অস্বীকার করার উপায় নেই।
তাই আমরা যদি বিভিন্ন ধরনের রাস্তার সঙ্গে সংযুক্ত জমির শ্রেণি এবং রাস্তার সঙ্গে সংযুক্ত নয়, এমন জমির শ্রেণি পৃথক করি, তাহলে উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব। কেননা, তখন জমির প্রকৃত মূল্য ও সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য কাছাকাছি থাকবে।
প্রস্তাবিত শ্রেণিগুলো হতে পারে—কৃষিজমি (রাস্তাসহ), কৃষিজমি (রাস্তাহীন); বাড়ির জমি (রাস্তাসহ), বাড়ির জমি (রাস্তাহীন); পুকুরের জমি (রাস্তাসহ), পুকুরের জমি (রাস্তাহীন); বাগানের জমি (রাস্তাসহ), বাগানের জমি (রাস্তাহীন) প্রভৃতি।
সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসের অধিক্ষেত্রের মধ্যে যেসব রাস্তা থাকবে, কমিটি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট রাস্তার পাশের জমির মূল্য নির্ধারণ করবে। আবাসিক ফ্ল্যাট এবং বাণিজ্যিক ফ্লোর স্পেসের মূল্য নির্ধারণও একইভাবে করা যেতে পারে।
সম্পত্তিসংক্রান্ত উপরিউক্ত শ্রেণি ও তার মূল্য নির্ধারণ করতে পারলে একদিকে যেমন মানুষ যথাযথ পরিমাণে রাজস্ব দিতে বাধ্য হবে, অন্যদিকে মানুষ অতিরিক্ত রাজস্বের বোঝা থেকেও মুক্তি পাবে।
সুতরাং দেশের মালিকেরা সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য তালিকাকেন্দ্রিক যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার সমাধান কর্তৃপক্ষ পরিবর্তনে নয়, বরং বিধিমালার সংশোধনীর মধ্যে বিদ্যমান। তবে কর্তৃপক্ষ কারা হবে, সেটি আমাদের বিবেচনার বিষয় নয়। বরং সংশ্লিষ্ট সেবাকে সহজ ও জনকল্যাণমুখী করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯(১) নম্বর অনুচ্ছেদ—‘সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিতকরণে রাষ্ট্র সচেষ্ট হবে’—কার্যকর করাই সরকারের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত।