মার্কিন প্রেসিডেন্টের কথিত উপদেষ্টাকে নিয়ে যা বলছে বিএনপি 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপির সংবাদ সম্মেলনে মিয়া জাহিদুল ইসলাম আরেফির বক্তব্যের বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে গত শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি এক সংবাদ সম্মেলন ডাকে। এই সংবাদ সম্মেলনে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে বক্তব্য দেন আরেফি। অবশ্য সেই দিন রাতেই এ তথ্য অস্বীকার করে ঢাকায় মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, মার্কিন সরকারের কোনো কর্মকর্তাই বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

বিএনপির মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে বিএনপি মহা-সমাবেশে পুলিশের হামলা টিয়ারগ্যাস গুলি'র পর সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট-এর উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং এই ব্যক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনো রকম পূর্বধারনা মহাসচিবকে অবহিত করা হয়নি বিধায় বিএনপি তার বক্তব্যের বিষয় কোন ভাবেই অবহিত নয়।’

এদিকে, রোববার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।