তফসিলকে স্বাগত জানালেন রওশন এরশাদ

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। 

রওশন এরশাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও বিএনপি প্রত্যাখান করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, চলমান অবরোধের শেষে তাঁরা তফসিলের প্রতিবাদে নতুন কর্মসূচি দেবেন।