প্রতিবেশি দেশে বসে শেখ হাসিনা তাঁর অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দল সাধারণ সম্পাদক শাহিনুর শেখ ও উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশে পালিয়ে থেকেও তারা এ দেশে তাদের লোকজন দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লা।’
রিজভী আরও বলেন, ‘এই লাশ আমরা কোথায় রাখব? তাদের মা ও স্ত্রীর কাছে কী জবাব দেব? এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না। তেমনি এসব হত্যাকাণ্ডের বিচারও হবেই। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’
শত শত মানুষ হত্যা করেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা মেটেনি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘শত শত মানুষ হত্যা করেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা মেটেনি। দেশ থেকে পালিয়ে গিয়েও তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই দেশে যেন কোনো মায়ের বুক খালি না হয়, কেউ যাতে স্বামীহারা-বাবাহারা না নয়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’


