গুম ব্যক্তিদের নামেও মামলার অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের

মিথ্যা মামলায় বিএনপি নেতাদের বিচারিক আদালতে সাজা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, 'গুম হওয়া ব্যক্তিদেরও মামলার আসামি করা হয়েছে।'  

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে পক্ষপাতমূলক রায় দেয়া বিচারকদের অপসারণ দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

লিখিত বক্তব্যে ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, 'সরকার যেনো নির্বিঘ্নে ক্ষমতা পাকাপোক্ত করতে পারে, সেজন্যই জাতীয়তাবাদী দলের নের্তৃবৃন্দকে একের পর এক সাজা দেয়া হচ্ছে। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ত্যাগ আমলে না নিয়ে সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী নেতাকর্মীদের একের পর এক সাজা দেওয়া হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মানদণ্ডে বিচার ব্যবস্থার সূচক নিম্নগামী বলেও জানান তিনি।'