আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টাই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনার উপ কমিটিসমুহের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও অপপ্রচার প্রতিহত করাই আওয়ামী লীগের মুল লক্ষ্য। নির্বাচন জনগণের সম্পদ। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোন চেষ্টাই সফল হবে না।’
নির্বাচন ঘিরে অপপ্রচার প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে নির্বাচন ঘিরে নাশকতা ঠেকানোরও তাগিদ দেন তিনি।
কাদের বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহার ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে শত ফুল ফুটুক। এটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়, বরং খুশি।’
নির্বাচন ঘিরে বিদেশি নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করে কাদের বলেন, ‘বিদেশী নিয়ে মাথা ঘামানো প্রয়োজন নেই। তারা এখন যুদ্ধ নিয়ে নিজেরাই ব্যস্ত। সারা পৃথিবীতে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তাদের আমাদের নিয়ে এতো মাথা ঘামানোর সুযোগ নেই। কে নিষেধাজ্ঞা দিলো কে ভিসানীতি দিল এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যতদিন অস্ত্র ব্যবসা চলবে ততদিন পৃথিবীতে যুদ্ধক্ষেত্রও থাকবে।’
নির্বাচনে বিএনপির না থাকায় কোনো সংকট তৈরি হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর সারা দেশে নির্বাচন নিয়ে একটা উৎসব, একটা জাগরণ সৃষ্টি হয়েছে। একটা বড় দল নির্বাচনে নেই তাতে কি? শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আরেকটা বিজয় ঘটবে, লাল সবুজের জাগরণ ঘটবে।’
গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
ক্ষমতাশীন দল আওয়ামী লীগ এরই মধ্যে তাদের দলীয় মনোনয়ন পত্র বিতরণ শেষ করেছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দলটির মনোনয়ন বোর্ডের সভা। সভা চলবে তিনদিন।
তফসিল ঘোষণা হলেও এখনও পর্যন্ত সরকারের পদত্যাগের দাবিতে অনড় বিএনপি। তবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতাকর্মীদের কাছে দলীয় মনোনয়ন পত্র বিতরণ শুরু করেছে দলটি।