সাপ্তাহিক ছুটির পর আগামী রবি ও সোমবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিক ভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এ কর্মসূচি।
বিএনপির এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
বিএনপি এরই মধ্যে এই তফসিল প্রত্যাখান করেছে। তাদের দাবি, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনেই অংশ নেবে না।
বিএনপির ধারাবাহিক হরতাল ও অবরোধে সারা দেশে ২৭৫টি গাড়ি ভাংচুর ও ২৯০টিতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এসব ঘটনায় একজন পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।