নির্বাচনের উৎসবমুখর পরিবেশ চোখে দেখার মতো বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহনই ভাবনার বিষয়, কোন দল আসলো না আসলো এটা দেখার বিষয় না।
ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার এসব কথা বলেন কাদের। তিনি জানান, বিএনপির ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক সংসদ সদস্য এ নির্বাচনে অংশে নিচ্ছে। নিবন্ধিত ৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
কাদের বলেন, 'বর্তমান সংসদ সদস্য (এমপি) যারা এবার নমিনেশন পাননি, তাঁরা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান তাদের বিষয়ে এখনও দলীয় কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী ১৭ ডিসেম্বর তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের স্বাগত জানানো হবে না বহিষ্কার করা হবে তা ১৭ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে।'
টিআইবি এবং সুজন দেশের নির্বাচন নিয়ে কথা বলেন কিন্তু দেশে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাস ও সহিংসতা নিয়ে কোনো কথা বলে না বলেও সমালোচনা করেন কাদের।
কাদের বলেন, বিএনপি নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে, সহিংসতা করছে। তাদের কোনো হরতাল-অবরোধই সফল হয়নি।
নির্বাচনী আচরণবিধি নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আওয়ামী লীগের প্রার্থী বা যেই হোক নির্বাচনী আচরণবিধি কেউ যদি ভঙ্গ করে সেই দ্বায় কোনভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ নেবে না। স্ব-স্ব ব্যক্তিকেই সেই দ্বায়ভায় নিতে হবে।'
গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ২১ জনকে আচরণবিধি ভঙ্গের জন্য শোকজ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।