বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে নেপাল বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, অর্থনৈতিক, যোগাযোগ, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও নেপাল। পাশাপাশি দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে নেপালের হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ সোর্স থেকে এনার্জি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরের বিদ্যুৎ সেক্টরের কলঙ্কিত অধ্যায় দূর করে আঞ্চলিক পুল ব্যবহার করে তা সরাসরি কাজে লাগানো যেতে পারে। এছাড়া আঞ্চলিক সম্পর্ক, মানবাধিকার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াসহ এই অঞ্চলের রাজনীতিতে দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।