পরিবর্তিত বাংলাদেশে জুলুমের বোঝা নামেনি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে জুলুমের বোঝা নামেনি। এসময় তিনি জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিও দাবি করেন। 

আজ সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান। আজহারুলকে মুক্তি না দিলে নিজেকে কারাগারে নেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানান তিনি।

জামায়াতের আমির বলেন, ‘পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে।’ দ্রুত তাঁকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবিও করেন তিনি।

জেলার নায়েবে আমির কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।