শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান শত্রু তারা, যারা সমুদ্রবন্দর ইজারা দিতে চায়। এ মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম।
শনিবার বিকালে নেত্রকোণার দুর্গাপুরে দুই দিনব্যাপী সিপিবি উপজেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিপিবি সভাপতি।
মোহাম্মদ শাহ আলম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এ দেশের মানুষের শত্রু ছিল শেখ হাসিনা সরকার। ৫ আগস্টের পর এখন শত্রু হলো তারা– যারা দেশের বন্দর ইজারা দিতে চায়, মিয়ানমারের সাথে করিডোর দিতে চায় এবং স্টারলিংকের সাথে লিংকআপ করেছে।’
সিপিবি সভাপতি আরও বলেন, ‘২০১৮ ও ২০২৪ সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছিল। জুলাই-আগস্টের আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। ইউনূস সরকার ঘোষণা দিয়েছেন যে, ২০২৬ সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে— এটি ইতিবাচক ও সঠিক সিদ্ধান্ত।’
তবে নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বা ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যদি ষড়যন্ত্র করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাস্তায় নামা হবে ভোটাধিকার ও গণতন্ত্র আদায়ের আন্দোলনে।’
এর আগে আজ দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই জনসভার উদ্বোধন হয়। উদ্বোধন শেষে হলরুমে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ ও সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ অনেকেই।
জনসভা শেষে একটি লাল পতাকা মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথম দিনের কর্মসূচি সমাপ্তি হয়।
সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর জানান, আগামীকাল রোববার মণি সিংহ জাদুঘর হলরুমে বর্তমান কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হবে।