হাদিকে হত্যাচেষ্টা: ভারতের দূতাবাস বন্ধ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় অভিযুক্তকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন, সংগঠনের সভাপতি নাজমুল হাসান।

নাজমুল বলেন, ‘হাদির ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। হাদির ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও করা হবে।’

দেশের সার্বিক পরিস্থিতিতে একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করতে হবে। উপদেষ্টারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারছেন না। আওয়ামী লীগের যারা স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

নাজমুল বলেন, ‘প্রধান উপদেষ্টা বলছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করবেন। অথচ আমরা দেখতে পাচ্ছি, চলমান পরিস্থিতি বজায় থাকলে দেশের ইতিহাসের সবচেয়ে রক্তপাত ও লাশের নির্বাচন হবে। এমন পরিস্থিতিতে দেশে নির্বাচন হতে পারে না।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এর মধ্যেই ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।