নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরে আসায় অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়িত একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটি ইতিবাচক অর্জন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে এবং কোনো রাজনৈতিক নেতাকে ভিন্ন মতের কারণে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখোমুখি হতে হবে না।’
খেলাফত মজলিস আশা প্রকাশ করেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের ভিন্নমতের রাজনীতি চর্চা এবং আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্যকে আরও সুসংহত করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।