বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার রাত ১০টা ৩৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বিএনপির স্বীকৃত ফেসবুক পেইজ বিএনপি মিডিয়া সেল।
এর আগে শুক্রবার বিকেলে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান।
দেশে ফেরার পর আজ তারেক রহমানের দ্বিতীয় দিনের সূচিতে তাঁর বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পাশাপাশি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল। তবে সে জন্য নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের পক্ষে বিএনপির সিনিয়র নেতাদের কয়েকজন স্মৃতিসৌধে শ্রদ্ধাস্তবক অর্পণ করেন।
আজ বেলা পৌনে ৩টার কিছুক্ষণ পর তারেক রহমানের গাড়িবহর গুলশানের বাসা থেকে রওনা হয়। সেখান থেকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। তাঁর বাসা থেকে জিয়া উদ্যান এবং জিয়া উদ্যান থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে অনেক নেতা-কর্মীসহ উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।
বিকেলেই বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খানসহ আরও অনেক উচ্চপদস্থ নেতাকর্মী।