ভোটার হতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

ভোটার হতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইসিতে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন তিনি।

তারেক রহমান ভোটার হবেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের। এরই মধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।