প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদ-বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নিয়ে কোনো আপস করা যাবে না। শেখ হাসিনার রায় দ্রুত কার্যকরের আহ্বান এনসিপির।
নাহিদ ইসলাম বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যার ভুক্তভোগী সরকার-বিরোধী দলসহ ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি।
এনসিপির মতে, এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এজন্য দলীয় পররাষ্ট্রনীতি নয়, জাতীয় পররাষ্ট্রনীতি দরকার।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, গণঅভ্যুত্থানের সময় যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে সেটাই উঠে এসেছে । দেশের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।


