আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। সার্বিকভাবে আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত ৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ হাজার ১৪৪ জন প্রার্থী।
তাঁদের মধ্যে মনোনয়ন দাখিল করেছেন ১৬৬ জন প্রার্থী। উল্লেখ্য, আগামীকালই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণা করে সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে।
আগামীকাল ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। সিইসি'র নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময়সীমা ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার করার শেষ দিন আগামী ২০ জানুয়ারি।
নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ২১ জানুয়ারি। সেদিনই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এরপর ২২ জানুয়ারি থেকেই শুরু হবে নির্বাচনি প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।