ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও সমর্থকরা।
রোববার সকালে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতির হাসান মারুফ রুমি।
নাটোর-২ আসনে নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শরীয়তপুর -৩ আসনে মনোনয়ন জমা দেন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।
দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন দলটির নেতা-কর্মীরা। উল্লেখ্য, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকেও নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
কক্সবাজার-১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।
নওগাঁয় ৬টি আসনে বিএনপি, জাতীয়পাটি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মোট ৪৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। উৎসব মুখর পরিবেশে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনিত প্রাথী জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-২( পত্নীতলা -ধামুইরহাট ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহা খান তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন।
একই দিন বিকেলে নওগাঁ-৬(রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনিত প্রাথী রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা নিবাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার রাকিবুল ইসলামের নিকট মনোনয়ন জমা দিয়েছেন। নওগাঁ-৪(মান্দা) আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পাটি সিপিবি মনোনিত প্রাথী ডা: এস এম ফজলুর রহমানমান্দা মনোনায়নপত্র জমা দেন।
বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি একইসাথে বরিশাল-৬ আসনেরও প্রার্থী। আজ দুপুরে দুপুরে বরিশাল-২ আসনের এনপিপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এখন পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফরিদপুর-৩ সদর আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়ন পত্র জমা দেন। বিকেল চারটার দিকে রির্টানিং কর্মকর্তার হাতে ফরিদপুর-৪(চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাওলানা রায়হান জামিল তার মনোনয়নপত্র জমা দেন।
এদিকে ভোলা-১ (ভোলা সদর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এর আগে গতকাল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ'র পক্ষে এই আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যদিও ইতোপূর্বে পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করার কথা ছিলো।
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন আশরাফুল আলম শিমুল।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় মনোনয়নপত্র জমা দেন। এর আগে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক শহাজাহান মিঞা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। উক্ত আসনে শনিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ৭৩ জন প্রার্থী।
নেত্রকোণা-১ কলমাকান্দা- দুর্গাপুর আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার মোট ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কায়সার কামালই প্রথম মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার ৫ টি আসনে রোববার দুপুর পর্যন্ত মোট ৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী-১( গোদাগাড়ী -তানোর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৪৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিএনপি ও জামায়াতের বেশিরভাগ প্রার্থী আগামিকাল তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়াও মনোনয়ন ফরম জমা দেন একই আসনের বৃহত্তর সুন্নী জোটের মনোনীত প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহ।
পটুয়াখালী-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন। পটুয়াখালী-৪ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সার্বিকভাবে দেশের বিভিন্ন জেলাতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। এছাড়া স্বতন্ত্র নির্বাচন করতে আগ্রহীরাও মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিচ্ছেন দেশজুড়ে। উল্লেখ্য, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।


এক নজরে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ
৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ হাজারের বেশি
