প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ রোববার সকালে অনুষ্ঠিত শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এসময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে হলফনামায় স্বাক্ষরসংক্রান্ত ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। 

আজ আপিল শুনানি শেষে নিজের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন ডা. মোহাম্মদ আবদুল মোবিন। তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, 'আলহামদুলিল্লাহ, চাঁদপুর-২ জামায়াতের নমিনেশন আপিল শুনানিতে ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন এর নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মতলবের সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার।' 

এই ঘোষণার পর চাঁদপুর-২ আসনের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, আপিলের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ডা. মোহাম্মদ আব্দুল মোবিন বলেন, আমার হলফনামায় একটা স্বাক্ষর বাদ পড়েছিলে। এজন্য জেলাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে মনোনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করলে ১১ জানুয়ারি (রোববার) সকাল ১০ টায় আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

ডা. মোহাম্মদ  আব্দুল মোবিনের প্রার্থিতা বৈধ হওয়ায় চাঁদপুর-২ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন ভোটাররা।