প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং নানাভাবেই সরকারের ঢিলেঢালা ভাব দেখছি, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় রিজভী বলেন, ‘মানুষ ১৬/১৭ বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই হওয়া উচিত, এটাই মানুষ চায়।’
রিজভি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমলে খাদ্য সংকট, কর্মসংস্থান হচ্ছে না, কারখানা বন্ধ আবার মুদ্রাস্ফীতি বাড়ছে বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট নেই, জবাবদিহিমূলক সরকার নেই, প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নানাভাবেই আমরা সরকারের ঢিলেঢালা ভাব দেখছি, তা অত্যন্ত দুঃখজনক।’
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন, শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর -২ আসনের বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহানসহ শরীয়তপুর জেলা বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।